প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:৫৪ (মঙ্গলবার)
ঢাকা-১৭ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভিড়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি

সংবাদ প্রতিবেদন :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই শতাধিক ভোটার কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্র খোলার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের।

ঢাকা-১৭ সংসদীয় আসনের পশ্চিম ভাষানটেক এলাকায় অবস্থিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ চিত্র দেখা যায়। পাশাপাশি অবস্থিত এই দুটি ভবনেই সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আজ সারাদেশে ২৯৮টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির চেয়ার প্রতীকের প্রার্থী তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম খালিদুজ্জামান।

নির্বাচনী কর্মকর্তারা জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১৮৫ জন এবং পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৬৭ জন। এই দুটি কেন্দ্রেই নারী ভোটাররা ভোট প্রদান করছেন।

সরেজমিনে দেখা যায়, উচ্চ বিদ্যালয়ের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ চলছে। অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা ও দ্বিতীয় তলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।

ভোটার নুরুনাহার বেগম বলেন, “আগে আগে ভোট দিয়ে চলে যাব। অনেক বছর ধরে ভোট দিতে পারিনি।” অপর ভোটার মালেকা বেগম বলেন, “বাসায় কাজ করি। ভোট দিয়ে কাজে যাব, তাই সকালেই চলে এসেছি। খুব ভালো লাগছে।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ১১৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮ জন। আসনটির মোট ১২৪টি কেন্দ্রে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।