প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:০৭ (মঙ্গলবার)
১৭ বছর পর ভোট দেব, ফিলিংসই আলাদা”—ঢাকা-৯ আসনে ভোট শুরুর আগেই কেন্দ্রে দীর্ঘ লাইন

১৭ বছর পর ভোট দেব—ফিলিংসই আলাদা।” এমন অনুভূতি প্রকাশ করছেন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ, ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া রাসিন, ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা,সহ আরও প্রার্থীরা।

ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলো হলো— ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন।

বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এই আসনের বিপুলসংখ্যক ভোটারের দিকে তাকিয়ে রয়েছে। নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর আজ ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে।

ভোটগ্রহণ কার্যক্রম শুরু হতেই ভোটাররা আনন্দের সঙ্গে জানান, “১৭ বছর পর ভোট দিচ্ছি—অনুভূতিটাই আলাদা।”

সকালে ঢাকা-৯ আসনের খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।