টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ মুখোমুখি হওয়ার কথা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া যখন মহারণের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই শঙ্কার কালো মেঘ জমেছে কলম্বোর আকাশে।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ। ফলে মাঠে খেলা গড়ানো নিয়েই দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সকাল থেকেই কলম্বোর আকাশ মেঘাচ্ছন্ন, সঙ্গে দফায় দফায় বৃষ্টির আশঙ্কা।
শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে শ্রীলঙ্কাজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে প্রেমাদাসা স্টেডিয়ামের আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়িয়েছে উৎকণ্ঠা।
ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে দুই দলের সমর্থকদের জন্য অপেক্ষা করছে বড় দুঃসংবাদ। গ্রুপ পর্বের এই হাইভোল্টেজ ম্যাচের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো ‘রিজার্ভ ডে’ বা অতিরিক্ত দিনের ব্যবস্থা রাখেনি। ফলে বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে।
নিয়ম অনুযায়ী, একটি বলও মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও পাকিস্তান—উভয় দলই পাবে ১টি করে পয়েন্ট। এতে গ্রুপ পর্বের সমীকরণেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.