সংবাদ প্রতিবেদন :
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দলীয় নেতাকর্মীদের হয়রানির অভিযোগ তুলেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগীর জানান, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, কাঞ্চননগরসহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী আমলে নির্যাতিত ত্যাগী নেতা নাসির উদ্দিন বিপ্লবকে যৌথ বাহিনী আটক করে ভূজপুর থানায় হস্তান্তর করেছে, যা দুঃখজনক। কোনো অভিযোগ থাকলে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি প্রার্থী আরও বলেন, তাদের প্রতিপক্ষ জামায়াত সশস্ত্র সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামিদের নিয়ে প্রচারণা চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অপরদিকে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে এবং ভোট চাইতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সরওয়ার আলমগীর বলেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, পার্শ্ববর্তী এলাকা থেকে অস্ত্রধারীদের জড়ো করা হয়েছে এবং বিভিন্ন স্থানে অচেনা নারীদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।
সবশেষে তিনি অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।